ডিজিটাল মাধ্যমে নব-বর্ষের উৎসব পালনে প্রধানমন্ত্রীর আহ্বান

৩১ মার্চ, ২০২০ ১০:৩৮  
ডিজিটাল মাধ্যমে নব-বর্ষের উৎসব পালনের আহ্বান জানিয়েছেন প্রথানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস বিস্তার রোধে চলমান কার্যক্রম সমন্বয় করতে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও সম্মেলনে দেয়া বক্তব্যে  এই আহ্বান জানান তিনি। মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, ডিজিটাল সুবিধার সুযোগ নিয়ে অনবরত গুজব ছড়ানো হচ্ছে। দেশের বাইরে থেকেও হচ্ছে। এর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে গুজবে কেউ কান দেবেন না। গুজব নিয়ে কেউ ‍বিচলিত হবেন না। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আজ ভিডিও কনফারেন্সে বৈঠক করতে পারছি। সংসদ টিভিতে স্কুলের ক্লাস শুরু হয়েছে। ডিজিটাল এই সুযোগকে কাজে লাগিয়ে জীবনকে স্থবির হতে দেওয়া যাবে না। সরবরাহ ব্যবস্থা অব্যাহত রাখা হবে। জেলা প্রশাসক ছাড়াও দেশের ৮ বিভাগীয় কমিশনাররাও এই ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। বৈঠকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ প্রশাসন কীভাবে কাজ করছে তা খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার ছাড়াও ফেসবুকে বিভিন্নে পেজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে।